মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের পর আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য ও পৌর কাউন্সিলর শেখ আবদুল হালিম মামুনসহ দুজনের সাক্ষগ্রহণ ও জেরা শেষ হয়েছে। গতকাল রবিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে তাদের সাক্ষগ্রহণ ও জেরা শেষ হয়। এখন পর্যন্ত মামলার বাদী মাহমুদুল হাসান নোমানসহ
১৫ জন সাক্ষী আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন।
মামলার বাদীপক্ষের কৌঁসুলি এম শাহজাহান সাজু জানান, আদালতে শেখ আবদুল হালিম মামুন ও মাদ্রাসার দপ্তরি মো. ইউসুফ আদালতে সাক্ষ্য দেন। পরে আসামিপক্ষের কৌঁসুলিরা তাদের জেরা করেন। আদালত আজ ১৫ জুলাই মামলার শুনানির পরবর্তী তারিখ ধার্য করে। ওই দিন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. হোসাইন, চালক নুরুল করিম ও সোনাগাজী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইয়াছিনকে আদালতে উপস্থিত থেকে সাক্ষ্য দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।
সাক্ষ্য দানকালে শেখ আবদুল হালিম মামুন বলেন, ‘মাদ্রাসা পরিচালনা কমিটির একাধিক বৈঠকে আমি নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানোর প্রস্তাব করি কিন্তু অধ্যক্ষ সিরাজ উদ দৌলা তা সরাসরি নাকচ করে দেন। অধ্যক্ষের কার্যালয় শিক্ষক মিলনায়তনের পাশ থেকে সাইক্লোন শেল্টারে নিয়ে যাওয়ারও বিরোধিতা করি। কিন্তু কোনো কাজ হয়নি। ’
গত ২৭ জুন মামলার বাদী ও প্রথম সাক্ষী নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমানের সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে পর্যায়ক্রমে নুসরাতের বান্ধবী নিশাত সুলতানা ও নাসরিন সুলতানা, মাদ্রাসার পিয়ন নুরুল আমিন, নৈশপ্রহরী মো. মোস্তফা, কেরোসিন বিক্রেতা লোকমান হোসেন লিটন, বোরকা দোকানদার জসিম উদ্দিন ও কর্মচারী হেলাল উদ্দিন ফরহাদ, নুসরাতের ছোট ভাই রাশেদুল হাসান রায়হান, জহিরুল ইসলাম, হল পরিদর্শক বেলায়েত হোসেন, নুসরাতের মা শিরিন আখতার ও শিক্ষক আবুল খায়ের আদালতে সাক্ষ্য দেন।
