সুজনের সঙ্গী ওয়াসিম ও চাম্পাকা

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০২:৪৬ এএম

কোচিং স্টাফ সংকটে এখন বাংলাদেশ। আর এমন সময় মাসের শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। স্টিভ রোডসের বিদায়ে আরেকবার না হয় অন্তর্বর্তীকালীন কোচ হলেন খালেদ মাহমুদ সুজন। কিন্তু কোচিং স্টাফ হবেন কারা? বিসিবি হাইপারফরম্যান্স ইউনিটের ব্যাটিং উপদেষ্টা যার প্রধান দায়িত্ব সেই ওয়াসিম জাফর যাচ্ছেন জাতীয় দলের ব্যাটিং কোচ হয়ে লঙ্কায়। তার সঙ্গে এইচপির লঙ্কান বোলিং কোচ চাম্পাকা রামানায়েকে দেশের শত্রু হয়ে ওই সফরে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন।

গতকাল ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান সাবেক অধিনায়ক আকরাম খান মিরপুরে বৈঠক শেষে জানালেন, ‘চাম্পাকাও কিন্তু খুব ভালো একজন বোলিং কোচ। আমাদের ব্যাকআপ আছে। তাকে আপাতত এই সিরিজে নিয়ে যাব আমরা। নিল ম্যাকেঞ্জি যদি সময় দিতে না পারে তাহলে (ওয়াসিম) জাফরকে আমরা নিয়ে যাচ্ছি।’ দক্ষিণ আফ্রিকান ম্যাকেঞ্জির সঙ্গে যোগাযোগ চলছে। কিন্তু শ্রীলঙ্কা যেতে তার তেমন আগ্রহ নেই। চুক্তি ফুরোনোর আগে ইংলিশ স্টিভ রোডস চলে গেলেন। নতুন প্রধান কোচের জন্য বিজ্ঞাপন জারি করেছে বিসিবি। কিন্তু সেটা সময়সাপেক্ষ। তাই আগেও অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজনে ভরসা। আকরামের ভাষায়, ‘প্রধান কোচের ব্যাপারে ক্রাইসিস আছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপাতত সুজনকে দিয়ে আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

ওয়াসিম জাফর মাত্র কদিন হলো বাংলাদেশের কোচিংয়ের সঙ্গে যুক্ত হয়েছেন। চাম্পাকা ২০০৮ থেকে ’১০ পর্যন্ত জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। তারপর তাকে ধরে রেখে বয়সভিত্তিক এবং হাইপারফরম্যান্সের ডেভেলপমেন্টে নিযুক্ত করে দিয়েছে বিসিবি। কোর্টনি ওয়ালশের সঙ্গে আর চুক্তি রিনিউ করবে না বিসিবি। স্পিন বোলিং কোচ সুনিল যোশি যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। ফিজিও তিহান চন্দ্রমোহনের চুক্তি নবায়ন হচ্ছে না। ম্যাকেঞ্জি আপাতত অনিশ্চিত। যদিও তাকে হারাতে চায় না বিসিবি। ট্রেনার লঙ্কান মারিও ভিল্লারায়ান এবং ফিল্ডিং কোচ রায়ান কুক থাকছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত