রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লাবণ্য আলীনা কাজী নামে এক শিশু মারা গেছে। তার বয়স হয়েছিল ৪ বছর ২ মাস। গতকাল সোমবার ভোররাতে স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। সে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব মো. কাজী ফয়সালের একমাত্র মেয়ে। ফয়সালের ১২ বছর ও ৬ বছর বয়সী দুটি ছেলে আছে।
ফয়সালের পরিবার থেকে জানানো হয়, গত কয়েক দিন ধরে লাবণ্য ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিল। গতকাল ভোরে স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এ বছর লাবণ্যের আগে ডেঙ্গুতে মারা গেছে আরও তিনজন। হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৭৫ জন। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মাসে (১ থেকে ১৫ জুলাই) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে যথাক্রমে ১২৪, ১২৮, ১২৪, ১৪৮, ১১৩, ১৮৬, ১৫০, ১৭৫, ১৭৪, ২২৭, ১৯১, ১৬৫, ১৮৮, ১৫৯ ও ২১৪ জন। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার জানান, চলতি মাসের প্রথম ১৫ দিনেই এ মৌসুমের সর্বোচ্চ ২ হাজার ৪৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। জুন মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৫৯ জন।
