ধর্মেন্দ্র-হেমা মালিনী: কে ভালো ঝাড়ুদার?

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১২:৪৮ পিএম

বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী। বর্ষীয়ান এই অভিনেত্রী বিজেপির একনিষ্ঠ কর্মী ও সাংসদ। দলের সব কর্মসূচিতে তিনি স্বতঃস্ফূর্তভাবেই অংশ নেন। তেমনই একটি কর্মসূচিতে অংশ নিয়ে সম্প্রতি বিদ্রূপের পাত্রী হলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বিজেপির স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে কয়েক দিন আগে হাতে ঝাড়ু তুলে নেন হেমা। সেই ছবি ইন্টারনেটে ছড়াতেই ট্রোল সহ্য করতে হয় তাকে।

সবচেয়ে মজার বিষয় হলো, এই ঠাট্টায় শামিল হলেন ‘শোলে’ নায়িকার স্বামী ও সহ-অভিনেতা ধর্মেন্দ্র।

হেমা মালিনীর ঝাড়ু দেওয়ার ভিডিও ও ছবি টুইটারে শেয়ার করা হলে একজন মন্তব্য করেন- দেখে মনে হচ্ছে না হেমাজি কোনো দিন ঝাড়ু দিয়েছেন। আর মন্তব্যটি ছিল ধর্মেন্দ্রের উদ্দেশে।

এই নায়কের সেন্স অব হিউমারের কথা বলিউডের সবার জানা। আবারও সেই প্রমাণ দিলেন টুইটারে। তিনি লেখেন, “হ্যাঁ দিয়েছেন তবে শুধু সিনেমায়। আমারও দেখে আনাড়ি লাগছে। কিন্তু আমি ছোটবেলা থেকেই মায়ের সব কাজে সাহায্য করতাম। বিশেষ করে খুব ভালো ঝাড়ু দিতে পারতাম। আমি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি।”

ধর্মেন্দ্র নিজেও বিজেপির রাজনীতির সঙ্গে জড়িত। তাকে সর্বশেষ ২০১৮ সালে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ সিনেমায় দেখা গেছে। আর হেমার ‘এক থি রানি আয়সা ভি’ মুক্তি পায় তারও এক বছর আগে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত