ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ডেঙ্গু শুধু বাংলাদেশে নয়; পার্শ্ববর্তী দেশ ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরেও হাজার হাজার রোগী এ রোগে আক্রান্ত হচ্ছে। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজ নিতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ডিএসসিসির বাসিন্দাদের উদ্দেশে মেয়র বলেন, ‘নাগরিকদের প্রতি অনুরোধ করছি, আপনারা ঘাবড়াবেন না; আতঙ্কিত হবেন না। এ রোগ দ্রুত সেরে যায়। আমরা সকলে মিলেই এ রোগ প্রতিরোধ করব।’
তিনি বলেন, ‘বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনে এ রোগের প্রাদুর্ভাব ঘটে। কিন্তু আমরা বসে নেই। আমরা নগর কর্র্তৃপক্ষসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো সর্বোচ্চ শক্তি নিয়োগ করে মাঠে আছি। অচিরেই শহরকে ডেঙ্গুমুক্ত করব।’
