কাবিননামার কলাম সংশোধন

জাতীয় মসজিদের খতিবের মতামত চায় হাইকোর্ট

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০২:২৩ এএম

বিয়ের কনে কুমারী, বিধবা বা তালাকপ্রাপ্ত কিনা, তা জানতে চাওয়ার বিষয়টি কাবিননামার ৫ নম্বর কলামে রাখা কিংবা না রাখার বিষয়ে মতামত জানাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবকে অনুরোধ জানিয়েছে হাইকোর্ট। আগামী সোমবার

তাকে উপস্থিত হয়ে এ বিষয়ে মতামত দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের শুনানিকালে গতকাল মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ অনুরোধ জানায়।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা। শুনানিকালে এই মামলায় আইনি সহায়তকারী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী বেলায়েত হোসেন তার মতামতে জানান, কাবিননামার পাঁচ নম্বর কলামটি ব্যক্তির গোপনীয়তাবিরোধী এবং এর কোনো প্রয়োজন নেই। কলামটি রাখার প্রয়োজন রয়েছে কি না এবং কলামটি তুলে দেওয়া ইসলামি শরিয়াহ আইনের পরিপন্থি হবে কি না, সে বিষয়ে মতামত জানাতে বায়তুল মোকাররম মসজিদের খতিবের মতামত জানতে চান।

কাবিননামার এই কলামটির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৪ সালে হাইকোর্টে রিট আবেদন করেছিল বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। পাশাপাশি কাবিননামায় বর-কনের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করার নির্দেশনা চাওয়া হয় রিটে। রিটের ওপর শুনানি নিয়ে কাবিননামার ওই কলামটি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় রুলের শুনানি হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত