লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুল মেরামতের দুই লাখ টাকা না দেওয়ায় মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনকে লাঞ্ছিত করেছেন একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামাল হোসেন প্রকাশ পিচ্চি কামাল।
তিনি ৫নং চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক বলে জানা গেছে। সোমবার বিকেলে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
প্রধান শিক্ষক লাঞ্ছনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা শিক্ষা অফিস চলতি অর্থ বছর মধ্য মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেরামতের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেয়।
জানা গেছে, টাকা বরাদ্দ পাওয়ার পর প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির লোকজনদের উপস্থিতিতে সোমবার বিকেলে স্কুল অফিস কক্ষে সভা আহ্বান করেন। সেখানে সভাপতি নিজের কয়েকজন অনুসারী নিয়ে সভা শুরুর আগেই প্রধান শিক্ষককে বরাদ্দকৃত দুই লাখ টাকা উত্তোলন করে তার কাছে দিতে বলেন।
এ সময় প্রধান শিক্ষক তা দিতে অস্বীকার করায় উপস্থিত শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সামনে অশ্লীল ভাষায় গালাগাল করেন। পরে অন্য সদস্যরা সভা থেকে বের হয়ে যান।
এ ব্যাপারে কামাল হোসেন বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা হয়নি। সভাপতি হিসেবে আমার অনেক দায়িত্ব আছে। শুধু দায়িত্ব পালন করেছি। এলাকাবাসীকে না জানিয়ে প্রধান শিক্ষক গোপনে কাজ করলে যা হওয়ার তাই হয়েছে।
প্রধান শিক্ষক আমির হোসেন জানান, সভাপতি কামাল হোসেন আমার কক্ষে ঢুকেই সবার সমানের অশ্লীল ভাষায় গালমন্দ করে হেনস্তা করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর আলম জানান, সভাপতি প্রধান শিক্ষককে লাঞ্ছিত ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কর্তৃপক্ষকে সভাপতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি।
উপজেলা শিক্ষা অফিসার দৌলতুর রহমান জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। শিগগিরই ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
