নাটুয়ারপাড়া রক্ষাবাঁধে ধস, দশটি গ্রাম প্লাবিত

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০৬:১৬ পিএম

যমুনা নদীর পানির প্রবল স্রোতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া রক্ষাবাঁধের ৩ টি স্থানে ধস দেখা দিয়েছে। এতে বন্যার পানি ঢুকে দশটি গ্রাম প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এলাকাবাসী বন্যার পাশাপাশি চরম ভাবে ভাঙন আতঙ্কের মধ্যে রয়েছে।  

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁধের নাটুয়ারপাড়ায় ৪০০ মিটার, নাটুয়াপাড়া-খাসরাজবাড়ি বাঁধ ও সড়কের ২৫০ মিটার ও জাজিরা-জিন্নাহ বাঁধের জাজিরা এলাকার ২০০ মিটার ধসে গেছে। এছাড়া কাজিপুর উপজেলা সদরের রূপসারচর-বালিয়াকান্দি সড়কর ও চরপানাগাড়ি-জজিরা সড়কের বিভিন্ন স্থানে ছোট ছোট ধস দেখা দিয়েছে।

এ বিষয়ে নাটুয়ারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন জানান, গত রোববার থেকে যমুনা নদীর পানি তীব্র গতিতে বৃদ্ধির পাশাপাশি প্রবাহ স্রোতের কারণে ধস দেখা দেয়। মঙ্গলবার বাঁধটির ২৫০ মিটার ধসে যায়। ফলে এ দুটি এলাকার মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অপরদিকে নাটুয়ারপাড়া রক্ষা বাঁধটির ৪০০ মিটার ধসে যাওয়ায় ভাঙনের মুখে পড়েছে ফুলজোড় গ্রামসহ ১০টি গ্রাম। এসব গ্রামের অধিকাংশ বাড়িতেই বন্যার পানি ঢুকে পড়েছে। এলজিইডির উঁচু সড়ক ছাড়া সবকিছুই পানিতে তলিয়ে গেছে। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তার জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। ত্রাণ এলেই সকলের মাঝে বিতরণ করা হবে।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁধের ধসে যাওয়া স্থানে বালির বস্তা ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া বন্যাকবলিত এলাকায় অচিরেই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত