মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির ব্যান্ডউইথ থেকে ব্লক (কমিয়ে দেওয়া হয়েছিল) তুলে নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। তবে, ব্লক তুলে নিলেও অপারেটর দু’টির এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) বন্ধ করে দেওয়া হবে।
বুধবার (১৭ জুলাই) রাজধানীর রমনায় বিটিআরসির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান মো. জহুরুল হক এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে অপারেটর দু’টির ব্যান্ডউইথ তারা ফিরে পাবে। তাহলে টাকা কীভাবে আদায় হবে? আমাদের আইনে যা আছে, তা আমরা প্রয়োগ করবো। আমাদের আইনে যে ব্যবস্থা দেওয়া আছে, তা প্রয়োগ করে টাকা আদায়ের ব্যবস্থা করা হবে। এটুকু সিদ্ধান্ত হয়েছে। টাকাটা পাবলিক ডিমান্ড। রাষ্ট্রীয় টাকা। এই টাকা মাফ করার কোনও সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘এই টাকা অপারেটরগুলোর না দেওয়ার যেমন কোনও সুযোগ নেই, তেমনি বিটিআরসিরও না নেওয়ার কোনও সুযোগ নেই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘অপারেটর দু’টির এনওসি ইস্যু করা আমরা দ্রুত বন্ধ করে দেবো।’
প্রসঙ্গত, বকেয়া অর্থ পরিশোধ না করায় গত ৪ জুলাই গ্রামীণফোন ও রবির ব্যান্ডইউথ কমিয়ে দেয় বিটিআরসি। গ্রামীণফোনের ৩০ ভাগ এবং রবির ১৫ ভাগ ব্যান্ডউইথ কমিয়ে দিতে ওই দিনই কয়েকটি আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) নির্দেশনা পাঠায় বিটিআরসি।
