অসুস্থ শিশু নিয়ে ভিক্ষাবৃত্তি

কথিত বাবাকে পুলিশে দিয়ে হাসপাতাল গেলেন এএসপি

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০১:৫৫ এএম

অচেতন ও অসুস্থ শিশুকে নিয়ে ভিক্ষাবৃত্তি করার সময় কথিত বাবা-মাকে আটক করেছে পুলিশ। এরপর শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান পুলিশ সদর দফতরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সুলতানা ইশরাত জাহান। বুধবার হাইকোর্টের মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে।

ইশরাত জাহান সাংবাদিকদের জানান, অফিস শেষে বিকেলে তিনি ওই পথ দিয়ে বাসায় ফিরছিলেন। এসময় জহুরুল ইসলাম নামে এই ব্যক্তি শিশুটিকে নিয়ে ভিক্ষা করছিলেন।

তিনি বলেন, `বিষয়টি আমার সন্দেহ হয়। একজন বাবা অসুস্থ শিশুকে নিয়ে কীভাবে সাহায্য চাচ্ছেন। আমি লোকটির কাছে জানতে চাইলে তিনি ঠিক উত্তর না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে শাহবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।’

ইশরাত জাহান বলেন, ‘শিশুটিকে নিয়ে এদিক-ওদিক ছোটাছুটি করি। প্রথমে শিশুটিকে বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে জেনারেল ওয়ার্ডে নেওয়ার পরামর্শ দেন। সেখান থেকে জরুরি বিভাগে আনা হয়। এখানে প্রথমে ভর্তি না নিতে চাইলেও পরে তারা শিশু ওয়ার্ডে ভর্তি নেন। সেখানে নেওয়ার পর ওয়ার্ডের চিকিৎসকরা শিশুটিকে দেখে জানান, তার অবস্থা খুবই খারাপ। তাকে এখানে রাখা যাবে না। তার এই মুহূর্তে আইসিইউ দরকার। সেখানকার চিকিৎসকরা কিছুক্ষণ অক্সিজেন দিয়ে রেখে শিশুটিকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে রেফার করেন। পরে আমি অক্সিজেন লাগিয়ে একটি ভাড়া অ্যাম্বুলেন্সে রাত সাড়ে ৮টার দিকে মহাখালীর ওই হাসপাতালের উদ্দেশে রওনা দেই।'

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) শফিউল আলম বলেন, শিশুটির কথিত বাবাকে আটক করে থানায় রাখা হয়েছে। শিশুটির সঙ্গে থাকা কথিত মা জোসনা বলেন, তারা হাইকোর্টে ফুটপাতে থাকে। ভিক্ষা করে।

পুলিশের জেরার মুখে জোসনা জানান, ৭ মাস আগে এক মহিলা তার কাছে শিশুটিকে দিয়ে চলে যায়। সেই থেকে তাদের কাছেই আছে।

চিকিৎসকরা বলেছেন, শিশুটি পুষ্টিহীনতা, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত