দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী দূষণের দায়ে চট্টগ্রামের হাটহাজারীর ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি ইটিপি এবং অয়েল ওয়াটার সেপারেটর স্থাপন না করা পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। গতকাল বুধবার অধিদপ্তরের বিভাগীয় প্রধান কার্যালয়ে বিদ্যুৎকেন্দ্রের প্রতিনিধিদের উপস্থিতিতে নদী দূষণের বিষয়ে শুনানি শেষে চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জম হোসাইন এ নির্দেশ দেন।
অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, ‘সম্প্রতি পরিদর্শনে যাওয়ার পর বিদ্যুৎকেন্দ্রের অপরিশোধিত বর্জ্যে হালদা দূষণের প্রমাণ পাওয়ার পর পিকিং পাওয়ার প্ল্যান্ট কর্র্তৃপক্ষকে শুনানিতে হাজিরের নোটিস দেওয়া হয়। গতকাল শুনানি শেষে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৭ ধারায় ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইটিপি নির্মাণ ও অয়েল সেপারেটর কার্যকর না করা পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’ এর আগে ২০১২ সালে দূষণের অভিযোগে পিকিং পাওয়ার প্ল্যান্টটিকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল। পরে ইটিপি নির্মাণের শর্তে জরিমানা মওকুফ করা হয়। প্ল্যান্টটির ইটিপির নকশা ২০১৮ সালে অনুমোদন নেওয়া হলেও এখনো তা নির্মাণ করা হয়নি।
