ভারতের কোচ হতে পারবেন না শচীন-সৌরভ-শেবাগ!

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১০:১৩ এএম

কোচিংয়ে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত। দলটির সমর্থকদের বড় একটা অংশের চক্ষুশূল রবি শাস্ত্রী। নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর নতুন কোচিংয়ে পরিবর্তনের দাবিটা আরো জোরালো হয়েছে। নতুন কোচের জন্য এরই মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

বিজ্ঞপ্তি প্রকাশের পর পরই রবি শাস্ত্রীর পরিবর্তে সৌরভ গাঙ্গুলির কোচ হওয়ার সম্ভাবনার কথা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু কোচ হওয়া তো দূরের কথা, কোচের পদের জন্য আবেদনই করতে পারবেন না সৌরভ। ভারতীয় দলের কোচের পদে আবেদন করতে পারবেন না বীরেন্দর শেবাগ, এমন কী কিংবদন্তি শচীন টেন্ডুলকারদের মতো কিংবদন্তিরাও।

ভারতের কোচ হতে গেলে প্রথম শর্ত কোনও টেস্ট খেলিয়ে আইসিসি’র পূর্ণ সদস্য দলকে অন্তত দু’বছরের জন্য কোচিং করাতে হবে। অথবা আইপিএল বা ঘরোয়া কোনও দলের হেড কোচের দায়িত্ব পালন করতে হবে তিন বছর। সঙ্গে ম্যাচ খেলার অভিজ্ঞতা ও বয়সসীমা ঠিক করেছে বিসিসিআই।

৩০টি টেস্ট বা ৫০টি ওয়ানডে খেলার যোগ্যতামান এবং ৬০ বছরের কম বয়সসীমায় আটকাচ্ছেন না সৌরভরা। তবে কোচিং করার অভিজ্ঞতার বিষয়টিই তাদের লড়াই থেকে ছিটকে দিচ্ছে। শচীন, সৌরভ, শেবাগরা কেউই কোনও দেশের জাতীয় দলের হেড কোচ হননি। শেবাগ আইপিএলে পাঞ্জাবের হেড কোচ হলেও তিন বছরের সময়সীমার শর্ত পূরণ করতে পারবেন না। সৌরভ ও শচীনের অভিজ্ঞতা রয়েছে আইপিএলে পরামর্শদাতার। তবে দুজনের কেউই হেড কোচ হননি কখনও। কুম্বলে অতীতে ভারতীয় দলকে কোচিং করালেও তার মেয়াদ ছিল এক বছর। সুতরাং বিদেশি কাউকে কোচ করতে না চাইলে শাস্ত্রীর পুনরায় হটসিটে বসার রাস্তা ফাঁকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত