সমাজ থেকে জঙ্গিবাদ ও মৌলবাদ দূর করতে সংস্কৃতির বিকাশের ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুস্থ সংস্কৃতির লালন ও বিকাশে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমাজ থেকে জঙ্গিবাদ, মৌলবাদ ও হিংসা-বিদ্বেষ দূর করতে সংস্কৃতির বিকাশ খুবই জরুরি।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ‘শিল্পকলা পদক-২০১৮’ প্রদান করেন। এ সময় তিনি বলেন, ‘আকাশ সংস্কৃতির কারণে আমাদের স্থানীয় সংস্কৃতিতে ভিনদেশি সংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যতটুকু সামঞ্জস্যপূর্ণ, ততটুকুই গ্রহণ করতে হবে। অপ্রয়োজনীয় বিজাতীয় ও অপসংস্কৃতির সবকিছুই বর্জন করতে হবে।’
আবদুল হামিদ অভিভাবকদের তাদের সন্তানদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকা-ে জড়িত হতে উৎসাহ দেওয়ার আহ্বান জানান। হামিদ বলেন, শিক্ষাবিষয়ক কার্যক্রমের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, স্বাধীনতা সগ্রাম ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়ক হতে পারে।
দেশের শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য সাতজনকে এ বছর ‘শিল্পকলা পদক-২০১৮’ প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন কণ্ঠসংগীতে গৌর গোপাল হালদার, যন্ত্রসংগীতে সুনীল চন্দ্র দাস, নাট্যকলায় ম. হামিদ, লোক সংস্কৃতিতে মিনা বড়–য়া, চারুকলায় অলকেশ ঘোষ, নৃত্যকলায় শুক্লা সরকার, আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায়। পদকপ্রাপ্তদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, ১ লাখ টাকা সম্মানী ও একটি সনদ প্রদান করা হয়।
