নেত্রকোনায় ব্যাগে এক শিশুর ছিন্ন মাথা নিয়ে পালানোর সময় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের নিউটাউন অনন্তপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হত্যাকা-ের শিকার সাত বছর বয়সী সজীব মিয়া শহরের উত্তর কাটলি এলাকার রিকশাচালক রহিছ উদ্দিনের ছেলে। নিহত যুবকের নাম রবিন (২২)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ
জানায়, দুপুর ১টার দিকে বারহাট্টা রোডে চোর সন্দেহে ব্যাগ হাতে থাকা এক যুবককে ধাওয়া করে জনতা। পরে নিউটাউন অনন্তপুকুর পাড় এলাকায় স্থানীয়রা তাকে আটক করে। এ সময় ব্যাগটিতে তল্লাশি করে শিশুর ছিন্ন মাথা দেখে বিক্ষুব্ধ জনতা ওই যুবককে পিটুনি দেয়। একপর্যায়ে সে মারা যায়।
খবর পেয়ে পুলিশ যুবকের লাশ ও শিশুর মাথাটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় পুলিশ জনতার রোষানলে পড়ে। পরে সজীবের স্বজনরা হাসপাতালে গিয়ে ছিন্ন মাথাটি শনাক্ত করে। মর্গে দুপুর ২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম আশরাফুল আলম দেশ রূপান্তরকে বলেন, তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের প্রক্রিয়া চলমান রয়েছে।
শিশুটির মা জানান, গত এক মাস আগে আমতলা ইউনিয়নের কুমারপাড়া গ্রাম থেকে তারা শহরের উত্তর কাটলি এলাকায় হীরাদের বাসায় ভাড়া থাকছেন। সকালে জুস কিনতে দোকানে যায় সজীব। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।
এদিকে গতকাল বিকেল পৌন ৪টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শাহনুর টেলিফোনে জানান, কাটলি এলাকায় সজীবদের ভাড়াবাসার বিপরীতে একটি নির্মাণাধীন ভবনের তিন তলার একটি কক্ষে শিশুটির মাথাবিহীন দেহটি পাওয়া গেছে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায়, মাথাবিহীন দেহটির পাশে হলুদ রঙের একটি কাগজ কাটার ব্লেড পড়ে রয়েছে।
