সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১০ জনের

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৩:৪৫ এএম

সড়ক দুর্ঘটনায় রাজধানী ঢাকায় নিরাপত্তাকর্মী, কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা মা-ছেলে, ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধ ও তরুণ, সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, ঠাকুরগাঁওয়ে এনজিওকর্মী, নেত্রকোনার কেন্দুয়ায় বৃদ্ধা, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার রাতে ঘটে এসব দুর্ঘটনা। প্রতিনিধিদের পাঠানো খবর :কক্সবাজার : উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২-এর বি-ব্লকে ইটবোঝাই ট্রাক খাদে পড়ে রোহিঙ্গা মা-ছেলে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলো ওই ক্যাম্পের আনোয়ার হোসেনের স্ত্রী সানজিদা (৩২) ও তার ছেলে মোহাম্মদ কায়ছার (৩)। তারা ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে পালিয়ে এসে কুতুপালংয়ে আশ্রয় নিয়েছিল। আহত একই ক্যাম্পের পারভিন (২০) ও ইয়াছমিন (১৮) চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এনজিও ফোরামের জন্য নিয়া যাওয়া ইটভর্তি একটি ট্রাক উখিয়ার ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের সিএমভি বিবিজান নামক এলাকায় উল্টে রোহিঙ্গা আনোয়ার হোসেনের ঝুপড়ি ঘরের ওপর পড়ে হতাহতের এ ঘটনা ঘটে। ট্রাকচালক পালিয়ে গেলেও হেলপার মোহাম্মদ রাসেলকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটি।

ব্রাহ্মণবাড়িয়া : পৃথক সড়ক দুর্ঘটনায় জহুরুল হক (৯০) ও নজরুল ইসলাম (৩২) নামে দুজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে এসব দুর্ঘটনা ঘটে। জহুরুল পৌর শহরের গোকর্ণঘাট এলাকার রুস্তম আলীর ছেলে ও নজরুল ইসলাম আখাউড়া উপজেলা সদরের কুমারপাড়া এলাকার মৃত আবদুল গণির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন জহুরুল হক। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। পরে রাতে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নজরুল ইসলাম ছিটকে মহাসড়কে পড়ে গেলে দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।

সিরাজগঞ্জ : সদর উপজেলার ফকিরতলা এলাকায় সিরাজগঞ্জ-কাজিপুর সড়কে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মুক্তিযোদ্ধা আবু সাঈদ সেখ (৬৫) নিহত হয়েছেন। আবু সাঈদ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ছাব্বিশা আলোকদিয়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে ও সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।   

ঠাকুরগাঁও : নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও আশার কর্মী মনিরুল ইসলাম (৪২) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী সড়কের নতুন মার্কেটের সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল রাণীশংকৈল উপজেলার নেকমরদ শাখায় কর্মরত ছিলেন। তিনি ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানার ঘনেকৃষ্টপুর গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে।

নেত্রকোনা : কেন্দুয়া পৌর শহরে অটোরিকশা থেকে নামার মুখে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় জুবেদা আক্তার (৬৫) মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুরে শহরের কমলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুবেদা কমলপুর গ্রামের মৃত শাহাব উদ্দিনের স্ত্রী। বাবার বাড়ি পৌর এলাকার বাদে আঠারবাড়ি থেকে কমলপুরে স্বামীর বাড়ির সামনে এলে মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

নারায়ণগঞ্জ : রূপগঞ্জে মালবাহী দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চ-ী সেন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যান দুটির চালক ও সহযোগীসহ আরও তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার তারাবো এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চ-ী সেন নরসিংদীর বরাব এলাকার কান্ত সেনের ছেলে। আহতদের পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

চুয়াডাঙ্গা : ছেলের বিয়ে দেখা হলো না আজিজুল হকের। বিয়ের বাজার করে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গায় ফেরার পথে পরিবারের অন্য সদস্যদের সামনে আলমসাধু নামক পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি মারা যান। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের মুন্সিগঞ্জ নিগার সিদ্দিকী কলেজের সামনে। নিহত আজিজুল হকের বাড়ি দামুড়হুদা উপজেলার পুরনো বাজারপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত মোজাফফর আলীর ছেলে। আজিজুল হক বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) দামুড়হুদা উপজেলা অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত