বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক

ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০১:৫৯ এএম

বিয়ের প্রলোভনে গোপনে অন্তরঙ্গ সম্পর্কের ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে সিলেটে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তৌহিদুর রহমান এহিয়া মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

নগরীর কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, বিভিন্ন সময়ে একাধিক তরুণী

এহিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। বিষয়টি তদন্তের পরই গত শুক্রবার নগরীর সুরমা মার্কেট থেকে কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে বিচারক এহিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ তার রিমান্ড আবেদনের শুনানি হবে। এহিয়া নগরীর শেখঘাটের মাহমুদুর রহমানের ছেলে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার চিছড়াওলি বুড়াইয়া বাজারে।

ওসি সেলিম মিয়া বলেন, ‘নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে ফেইসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে তুলেন এহিয়া। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে গোপনে তা মোবাইল ফোনে ভিডিও করে রাখেন। তরুণী যোগাযোগ বন্ধ করে দিলে এহিয়া শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে এবং আরও একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক করতে সহযোগিতার জন্য চাপ দেন। নইলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।’ তিনি বলেন, ‘গত ২৮ জুন আরেক তরুণী এহিয়ার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই রকম অভিযোগ করেন দক্ষিণ সুরমার মোগলাবাজারের এক তরুণী। পুলিশ এহিয়ার মোবাইল ফোন ট্র্যাক করে এসব অভিযোগের সত্যতা পায়।’

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এহিয়া প্রতারণার কথা স্বীকার করেছেন। রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত