খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউপি চেয়ারম্যান এস এম দীন ইসলামের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন জেলা ছাত্রলীগের এক নেতা। ওই ইউপি চেয়ারম্যান সরকারি অর্থ দিয়ে সহায়-সম্পদসহ ৪০ বিঘা জমির মালিক হয়েছেন এবং সরকারি ৮টি প্রকল্পের অর্থ আত্মসাতের দায়ে ২০১৩ সালে তাকে এলজিআরডি মন্ত্রণালয় সাময়িকভাবে বরখাস্ত করে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
গতকাল সোমবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে একই উপজেলার ইছামতী গ্রামের কাজী আবুল খায়েরের ছেলে ও জেলা ছাত্রলীগের নেতা কাজী তরিকুল ইসলাম তরু এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউপি চেয়ারম্যান এস এম দীন ইসলাম দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি দখল, সরকারি প্রকল্প লুটপাট, নামকাওয়াস্তে খাল খননসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিপুল অর্থ লুটেছেন। সংবাদ সম্মেলনে তার অবৈধ আয়ের উৎস খতিয়ে দেখতে দুদককে অনুরোধ করা হয়েছে।
