যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ করে আলোচিত প্রিয়া সাহার বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা আবেদন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন ছাত্রলীগ নেতা মো. মোস্তফা কামাল। মামলাটি গ্রহণের ব্যাপারে কোনো আদেশ দেননি বিচারক সোহেল রানা।
আদালত সূত্র জানায়, নগরীর ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। বেলা ৩টায় শুনানি হলে বিচারক পরে সিদ্ধান্ত দেওয়ার কথা জানান। মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাাডভোকেট জাকির হোসেন, শরিফুল ইসলাম, আশিক রাব্বি, মো. জাহাঙ্গীর ও শরিফ হোসেন।
