বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে : নানক

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০১:২৯ এএম

ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। বন্যাদুর্গত এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকার একযোগে কাজ করে যাচ্ছে। গতকাল সোমবার কুড়িগ্রামের চিলমারী উপজেলা এলএসডি চত্বরে আওয়ামী লীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসহায়তা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও একটি দল; যারা রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন না করে শুধুই সরকারের সমালোচনা করছে। আমরা বন্যার্তদের কাছে এসেছি। কোনো রাজনৈতিক দল কিন্তু আসেনি। অথচ ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের ছয়টি টিম বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালাচ্ছে। বন্যার পানি নেমে গেলে যারা গৃহহীন আছে তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে ত্রাণ হিসেবে বন্যার্ত ৫ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল, সয়াবিন তেল, ডাল, চিনি, চিঁড়া, গুড়, মুড়ি, নুডলস, বিস্কুট, পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত