গুজব ঠেকাতে মাঠে নেমেছেন আনসারের ৬১ লাখ সদস্য

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০২:০৪ এএম

‘পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে’ বলে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে তা প্রতিরোধে মাঠপর্যায়ের ৬১ লাখ আনসার সদস্যকে কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। গতকাল মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীটির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। মতবিনিময় সভায় বাহিনীর অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত

ছিলেন। আনসার ও ভিডিপি প্রধান বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে বলে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে তা একটি কুসংস্কার। তাই এই মিথ্যা প্রচার প্রতিরোধে কাজ করছে আনসার ও ভিডিপি। এজন্য মাঠপর্যায়ে থাকা এ বাহিনীর ৬১ লাখ সদস্য জনগণকে সচেতন করার কাজ করছেন।’

মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ বলেন, ‘পদ্মা সেতু নিয়ে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে তা প্রতিরোধ করতে প্রতিটি গ্রামে আনসার সদস্যরা কাজ করছেন। এই গুজবে কান না দেওয়ার জন্য গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে আনসার লিডার যারা আছেন তাদের মাধ্যমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে বার্তা পাঠানো হয়েছে। এই বার্তা পেয়ে পদ্মা সেতু নিয়ে গুজবে কান না দিতে জনসাধারণকে সচেতন করবেন ৬১ লাখ আনসার সদস্য।’

আনসার ও ভিডিপিকে সামনে এগিয়ে নিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘সারা দেশে গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাড়ে ১২ হাজার আনসার কমান্ডারকে ভাতার আওতায় আনা হয়েছে। এছাড়া আনসার ও ভিডিপি সদস্যদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগে থ্রি নট থ্রি রাইফেল ব্যবহার করা হতো। এখন নতুন ৩০ হাজার অস্ত্র এই বাহিনীর জন্য আনা হয়েছে। আরও ২০ হাজার অস্ত্র আনা হবে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো আনসার সদস্য দুর্নীতি ও অপরাধে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।’

মতবিনিময় সভায় জানানো হয়, বর্তমানে বর্ষা মৌসুমে ২৬টি জেলায় বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় উদ্ধার কাজ, বাঁধ ও সড়ক মেরামত এবং ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতেও এ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত