যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ‘সেক্রেড গেমস’ অভিনেত্রীকে হেনস্তা

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০১:৪০ পিএম

নেটফ্লিক্স সিরিজ ‘সেক্রেড গেমস’-খ্যাত অভিনেত্রী এলনাজ নরৌজি হেনস্তার শিকার হলেন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে। শুধুমাত্র ইরানিয় বংশোদ্ভূত হওয়ায় তার সঙ্গে এই আচরণ।

এলনাজ অভিযোগ করেন, তাকে বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। এ কারণে পূর্ব নির্ধারিত ফ্লাইট ধরতে পারেননি।

মূলত হলিউডে নতুন কাজের খোঁজ করতেই যুক্তরাষ্ট্রে গেছেন এলনাজ। জার্মানি থেকে উড়োজাহাজে করে তিনি প্রথমে শিকাগো বিমানবন্দরে নামেন। ঠিক ছিল সেখান থেকে লস অ্যাঞ্জেলসের পথ ধরবেন।

জার্মানির পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিলেন এলনাজ। সাধারণত এই দেশের পাসপোর্টধারীদের যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন পড়ে না।

ট্রাম্প সরকার ইরানিয়দের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি শুরু করায় এলনাজকে ভোগান্তিতে পড়তে হয়। তাই তাকেও নতুন করে ভিসার আবেদন করতে হয়। সেই কারণেই সাধারণ ইরানিয়দের মতোই দীর্ঘক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করে থাকতে হয়।

এলনাজ জানান, তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং অনেকবার তার অভিবাসন সংক্রান্ত সব নথিপত্র খুঁটিয়ে দেখেন অফিসাররা। এর ফলে পরবর্তী বিমানটি ধরবার জন্য তাকে আরও ৬ ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হয়।

তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তারা শুধু দেখে নিতে চাইছিলেন অভিবাসন সংক্রান্ত কাগজপত্র সঠিক রয়েছে কিনা, তাই হয়তো বিলম্ব ঘটেছে।

এর আগে শাহরুখ খান, জেরিন খানের মতো বলিউড তারকা যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ধর্মীয় পরিচয়ের কারণে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত