শিরোপা থেকে ১ পয়েন্ট দূরে কিংস

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০১:৫৬ এএম

আগের দু’দিন ঝিরঝির বৃষ্টি। গতকাল সকাল থেকেই নীলফামারীর আকাশ ছিল মেঘলা। শেখ কামাল স্টেডিয়ামে দল বসুন্ধরা কিংস-মোহামেডান যখন ওয়ার্মআপে নামে তখন থেকে শুরু গুঁড়িগুঁড়ি বৃষ্টি। বিকেল ৪টায় হালকা বৃষ্টি মাথায় নিয়েই মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপার সম্ভাব্য নির্ধারণী ম্যাচটি। বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ম্যাচও যেমন শুরু হলো, বৃষ্টির বেগও হলো তীব্র। সঙ্গে বজ্রপাত। তিন মিনিট খেলা চলার পর রেফারিরা ম্যাচ স্থগিত ঘোষণা দিলেন। ফুটবলাররা দৌড়ে ফিরে এলেন সাজঘরে। এরপর আর তাদের মাঠে নামা হয়নি। বৃষ্টিতে ভেসে যায় ম্যাচ। সেই সঙ্গে কিংসের শিরোপা জয়ের অপেক্ষার প্রহর বাড়ে আরও এক দিন। রাতে জানা গেছে, এই ৩ মিনিটের পর থেকে আজ দুপুর ১২টায় একই মাঠে হবে কিংস-মোহামেডান ম্যাচ। 

২১ ম্যাচে ৫৮ পয়েন্ট পাওয়া কিংসের দরকার আর ১ পয়েন্ট। কারণ গতকাল রাজধানীতে দুই আবাহনীর ম্যাচ হয়েছে ২-২ গোলে ড্র। বঙ্গবন্ধু স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৬৩ মিনিটে মামুন মিয়া এগিয়ে নেন ঢাকা আবাহনীকে। ৭৫ মিনিটে ড্যানিয়েল ট্যাগো সমতায় ফেরান চট্টগ্রাম আবাহনীকে। ৮০ মিনিটে আবার এগিয়ে যায় ঢাকা আবাহনী। এবার গোলদাতা নাবিব নেওয়াজ জীবন। ইনজুরি টাইমে ঢাকা আবাহনীকে জয়বঞ্চিত করেন এন চিগোজি। এই ড্রয়ে আবাহনীর সংগ্রহ দাঁড়াল ২৩ খেলায় ৫৫ পয়েন্ট। তাদের শেষ খেলা শেখ জামালের সঙ্গে, আগামী রবিবার।

সব হারিয়ে জিতল বিজেএমসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল টিম বিজেএমসির। লিগে টিকে থাকার সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পর গতকাল নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে তারা ১-০ ব্যবধানে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। ৫৬ মিনিটে জয়সূচক গোলটি করেন উজবেক ফরোয়ার্ড মুখামেদভ ওতাবেক। ২২ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। ১১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তলানিতেই থাকছে। শেষ দুই ম্যাচ জিতলে হয়তো ১২-তে উঠতে পারবে তারা। কিন্তু এবার দুটি দল অবনমনের সিদ্ধান্তে কোনো অবস্থাতেই ১১-তে পৌঁছানো সম্ভব নয় বিজেএমসির সামনে। এই মুহূর্তে ১১ এবং ১০ এবং ৯-এ থাকা তিন দলের মধ্যে চলছে অবনমন এড়ানোর লড়াই। ১৬ পয়েন্ট নিয়ে ১২-তে নোফেল, ২ পয়েন্ট বেশি নিয়ে ১১ নম্বরে ব্রাদার্স। আর ২০ পয়েন্ট নিয়ে দশম স্থানে রহমতগঞ্জ। অর্থাৎ বিজেএমসি তাদের শেষ দুই ম্যাচ জিতলে আর নোফেল দুই ম্যাচেই হেরে গেলে তাদের ১১-তে শেষ করার সুযোগ থাকবে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৬-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে আগের ম্যাচেই বসুন্ধরা কিংসকে হারানো শেখ রাসেল ক্রীড়া চক্র। দলটির ইউক্রেনের ফরোয়ার্ড ভ্যালেরি গ্রিসিন এবং নাইজেরিয়ান রাফায়েল ওডোইন দুটি করে গোল করেন। নাইজেরিয়ান ডিফেন্ডার আলিসন উদোকা ও বিপলু আহমেদ একটি করে গোল করেন। মুক্তিযোদ্ধার হয়ে একমাত্র গোলটি করেন দলটির আইভরিয়ান স্ট্রাইকার বালো ফামোসা। ২২ ম্যাচে রাসেল ১৫ জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে ২৩ পয়েন্ট পেয়ে মুক্তিযোদ্ধার অবস্থান নয়ে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত