সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের জন্য গঠিত নবম ওয়েজ বোর্ডের বিষয়ে মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা জানিয়েছেন কমিটির প্রধান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘মন্ত্রিসভা কমিটি সব স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলে প্রতিবেদন চূড়ান্ত করেছে। এখন এটি কেবিনেট ডিভিশনে পাঠিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিলেই গেজেট প্রকাশ করা হবে।’
নবম ওয়েজ বোর্ড শুধু সংবাদপত্র ও বার্তা সংস্থার জন্য উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘গণমাধ্যমকর্মী আইন সংসদে পাস হলে ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদেরকে ওয়েজ বোর্ডের আওতায় আনা সম্ভব হবে।’ মন্ত্রিসভা কমিটির বৈঠকে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, তথ্য প্রতিন্ত্রী মুরাদ হাসান ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
