ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা করে নিয়েছেন ক্রিস গেইল। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলবেন বলে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নেই। তবে ওয়ানডেতে দেখা যাবে এই ব্যাটিং দানবকে। ৮ আগস্ট শুরু হবে ওয়ানডে সিরিজ।
শুক্রবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। বাঁ-হাতি ওপেনার জোহান ক্যাম্পবেল, রোস্টন চেজ, অলরাউন্ডার কিমো পল ফের ডাক পেয়েছেন দলে।
মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে গেইল ঘোষণা দিয়েছিলেন- বিশ্বকাপের পরই অবসরে যাবেন। তবে বিশ্বকাপ চলাকালে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এমনকি ২০১৪ সালের পর আর টেস্ট না খেললেও, ফের সাদা পোশাকে তাকে দেখা যাবে বলেও ঘোষণা দেন। স্ব-ঘোষিত ইউনিভার্স বসকে ভারতের বিপক্ষেই টেস্টে দেখা যায় কিনা সেটিই এখন বড় কৌতূহল।
২৯৮ ওয়ানডেতে গেইলের রান এখন ১০৩৯৩। আর মাত্র ১৩ কার হলেই হবেন তিনি ছাড়িয়ে যাবেন ১০৪০৫ রান করা ব্রায়ান লারাকে। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হতে ১১ রান হলেই চলে। যেখানে ১০৩৪৮ রান নিয়ে শীর্ষে লারা। ক্যারিবীয়দের পক্ষে গেইলের রান ১০৩৩৮। দুজনই বাকি রানগুলো করেছিলেন বিশ্ব একাদশের পক্ষে।
৮ আগস্ট গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে পরের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ আগস্ট। তার আগে ৩ আগস্ট শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল:
জ্যাসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্রাথওয়েট, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, শেলডন কটরেল, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, কিমো পল, নিকোলাস পুরান, কেমার রোচ ও ওসানে টমাস।
