বেনাপোলে বোমা ছুড়ে বিজিবির গুলিতে নিহত ‘মাদক ব্যবসায়ী’

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১২:৩৩ পিএম

বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে শনিবার ভোরে বিজিবি ও মাদক ব্যবসায়ীদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত ও বিজিবির এক হাবিলদার গুরুতর জখম হয়েছেন।

নিহত সুজন বেনাপোল কাগজ পুকুর গ্রামের আব্দুল্লাহর ছেলে। গুরুতর আহত বিজিবি হাবিলদার আকমল হোসেন ২১ বিজিবি ব্যাটালিয়নের অগ্রভূলোট ক্যাম্পে কর্মরত রয়েছে।

উন্নত চিকিৎসার জন্য তাকে সকালে হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এসময় ঘটনাস্থল থেকে ফেনসিডিল ও বোমা উদ্ধার করেছে বিজিবি।

২১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় ১০/১২ জনের একটি মাদক ব্যবসায়ীর দল ফেনসিডিল নিয়ে ভারত সীমান্ত পার হয়ে অগ্রভুলোট সীমান্তে প্রবেশ করেছে। এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ করলে আকমল হোসেন নামে এক বিজিবি’র হা্বিলদার গুরুতর আহত হন।

পরে বিজিবি সদস্যরা মাদক ব্যবসায়ীদের লক্ষ্য করে পাল্টা কয়েক রাউন্ড গুলি চালালে সুজন নামে এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থল থেকে ফেনসিডিল ও ৩টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়।

নিহত সুজনের লাশ যশোর সদর হাসপাতালে রয়েছে বলে বিজিবি জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত