দর্শক হিসেবেও সিনেমাটি ভালো লেগেছে

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০৯:৫৭ পিএম

 জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। এখন ধারাবাহিক নাটকের শ্যুটিং নিয়ে ব্যস্ত। গত শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘কালো মেঘের ভেলা’। এই চলচ্চিত্র ও অন্যান্য প্রসঙ্গে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

প্রেক্ষাগৃহে ‘কালো মেঘের ভেলা’

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কালো মেঘের ভেলা’ চলচ্চিত্রটি প্রথম সপ্তাহে শুধু স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পেয়েছে। সিনেমাটি প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণের প্রথম উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন তার মেয়ে মৃত্তিকা গুণ। আমি তাদের সঙ্গেই শুক্রবারে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেছি। এটি মৃত্তিকার প্রথম সিনেমা। কিন্তু দেখলে বোঝাই যাবে না তিনি একজন নবীন পরিচালক। এর গল্প যেমন অসাধারণ, তেমনি নির্মাণশৈলী চমৎকার। এ সিনেমার একজন শিল্পী হিসেবে নয়, দর্শক হিসেবেও সিনেমাটি আমার ভালো লেগেছে। দর্শকের কাছ থেকে আমার অভিনয়ের প্রশংসা পেয়েছি। যারা সিনেমাটি দেখেছেন সবাই ভালো মন্তব্যই করেছেন।

 

শিশুতোষ চলচ্চিত্র নয়...

নির্মলেন্দু গুণের উপন্যাসটি যারা পড়েছেন, তারা জানেন এটি মূলত শিশুসাহিত্য। কিন্তু মৃত্তিকা সিনেমাটি যেভাবে বানিয়েছেন, তাতে একে শিশুতোষ চলচ্চিত্র বলা যায় না, একটি পূর্ণাঙ্গ সামাজিক সিনেমা। এখানে কেন্দ্রীয় চরিত্র মা আর ছেলের। একটি সাত-আট বছরের ছেলে দুখুর মনোজগতের গল্প। তার মায়ের চরিত্রে আমি অভিনয় করেছি। দুখু স্টেশনে টোকাইয়ের কাজ করে। ট্রেনের যাত্রীদের মালামাল বহন করে তার জীবন চলে। স্বল্পদৈর্ঘ্য হিসেবে অনুদান পাওয়া এই চলচ্চিত্রটি এরই মধ্যে কয়েকটি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।

 

ধারাবাহিক নিয়ে ব্যস্ত...

এখনো ঈদের কাজ শুরু করিনি। প্রচার চলতি বেশ কিছু ধারাবাহিক নাটকের শ্যুটিং নিয়ে ব্যস্ত। এর মধ্যে রয়েছে মোস্তফা কামাল রাজ পরিচালিত এনটিভির ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’, অনিমেষ আইচের পরিচালনায় নাগরিক টিভির ধারাবাহিক ‘জোছনাময়ী’ ও এটিএন বাংলায় একটি ধারাবাহিক। এছাড়া সাপলুডু নামের একটি বাণিজ্যিক ঘরানার সিনেমায় অভিনয় করেছি। এই প্রথম অতিথি চরিত্রে অভিনয় করলাম। অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। শুনছি আসছে ঈদেই সিনেমাটি মুক্তি পাবে।

 

নতুন ধারাবাহিক ‘শিউলিমালা’

গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘শিউলিমালা’য় অভিনয় করছি। এটি দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে অচিরেই। এক লটের শ্যুটিং শেষ হয়েছে। সেখানে আমার সহশিল্পী ছিলেন ইন্তেখাব দিনার ও মৌসুমী হামিদ। এখানে আমি জমিদার বাড়ির মেয়ে। উচ্চশিক্ষিত, রুচিশীল ও গম্ভীর। মনটা খুবই নরম, কিন্তু ব্যক্তিত্বের জন্য বাইরে থেকে তাকে খুব দাম্ভিক মনে হয়। দুটি লেয়ার রয়েছে বলে চরিত্রটিতে কাজ করতে ভালো লাগছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত