রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি মধ্যপাড়া গ্রামে দোকানে বসে ছিলেন কয়েকজন ব্যক্তি। হঠাৎ দোকানের চালার ওপর খুলে পড়ে বৈদ্যুতিক তার। এতে মুহূর্তেই দোকানে আগুন ধরে যায়। আহত হন ছয়জন। গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা খুশবর আলী (৩৬), গাফফার আলী (৪০), মো. আলম (৪২), বাদশা আলী (২১), ইমদাদুল হক (২৯) ও লিয়াকত আলী (২৮)। তাদের মধ্যে খুশবর, গাফফার ও বাদশাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে লিয়াকত আলীর দোকানের পাশে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। এতে বিকট শব্দ হয়। এরপর স্থানীয়রা বিদ্যুৎ অফিসে কয়েকবার ফোন দেন। কিন্তু কেউ ধরেননি। রাত ১১টার দিকে হঠাৎ বৈদ্যুতিক তার খুলে পড়ে দোকানের চালার ওপর। এতে সঙ্গে সঙ্গে দোকানে আগুন লেগে গেলে ছয়জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ অফিসের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটেছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর চারঘাট আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোক্তার হোসেন বলেন, কারও গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
