ভারতীয় চ্যানেল জি বাংলার রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ বাংলাদেশেও বেশ জনপ্রিয়। ঢাকার প্রতিযোগী মাঈনুল আহসান নোবেল এই অনুষ্ঠানে অংশ নিয়ে রাতারাতি তারকা বনে গেছেন। রোববার রাতে এই প্ল্যাটফর্মে শেষবার প্রতিযোগী হিসেবে পারফর্ম করতে দেখা যাবে তাকে।
সন্ধ্যায় অনুষ্ঠানটির শেষ পর্ব প্রচার হবে। এতে নোবেল পারফর্ম করবেন প্রতুল মুখোপাধ্যায়ের বিখ্যাত গান ‘আমি বাংলায় গান গাই।’ ইতিমধ্যে গানটির টিজার প্রকাশ হয়েছে অনলাইনে।
‘জি বাংলা সারেগামাপা ২০১৯’ এর ফাইনাল রাউন্ডের মঞ্চে পরিবেশনায় আরও থাকছেন অন্য প্রতিযোগী অঙ্কিতা, স্নিগ্ধজিৎ, গৌরব ও প্রীতম।
ফাইনাল রাউন্ডের সম্প্রচার রোববার হলেও এর শুটিং হয়েছে মাসখানেক আগে। ২৯ জুন কলকাতার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় শেষ দিনের দৃশ্যায়ন।
চলতি মাসের শুরুতে একাধিক সংবাদমাধ্যম বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ‘সারেগামাপা’র চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। সেখানে দেখা যায়, প্রথম হয়েছেন অঙ্কিতা। যৌথভাবে প্রথম রানারআপ গৌরব ও স্নিগ্ধজিৎ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন প্রীতম ও নোবেল! তবে এই নিয়ে চ্যানেল বা প্রতিযোগীরা আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেননি।
অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে। মূল বিচার শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র ও মোনালী ঠাকুর ছাড়াও একাধিক আমন্ত্রিত অতিথি থাকছেন এই পর্বে। উপস্থাপনা করবেন যিশু সেনগুপ্ত।
