ভারতীয় লোকসভায় উত্তর প্রদেশের সাংসদ আজম খানের বিতর্কিত মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। সম্প্রতি বিজেপি সাংসদ রমা দেবীর উদ্দেশে করা তার অশোভন মন্তব্যের নিন্দায় সরব হয়েছেন দেশটির সাংসদরা।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সেই সুরেই সুর মিলিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের দুই নবনির্বাচিত সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান।
এবার আজমের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন নামি কবি ও গীতিকার জাভেদ আখতার।
এক টুইটে তিনি লেখেন, “সংসদের শ্রদ্ধেয় স্পিকারের উচিত তাকে যথাযথযোগ্য শিক্ষা দেওয়া। এমন শিক্ষা দিক, যা উনি কোনো দিন ভুলবেন না।”
শনিবার জাভেদ আরও লেখেন, “স্পিকারের দায়িত্বে থাকা একজন নারী সাংসদকে আজমের এ ধরনের মন্তব্য করা কখনোই মেনে নেওয়া যায় না। তার মতো ব্যক্তিরা আসলে অশ্লীল, মূর্খ, লম্পট চরিত্রের।”
অবশ্য এবারই প্রথম বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়াননি সমাজবাদী পার্টির নেতা আজম খান। সাম্প্রতিক অতীতেও অনেকবার নারীদের উদ্দেশে কটূক্তি করেছেন তিনি।
মাস কয়েক আগেই লোকসভা নির্বাচনের সময়ে বিজেপি প্রার্থী জয়াপ্রদা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে সমালোচিত হন আজম খান। সেইবার পার পেলেও এবার তার বিরুদ্ধে সবাই এক হয়েছেন।
