চৌমুহনীতে সড়ক দুর্ঘটনায় ৪ নির্মাণ শ্রমিক নিহত

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০৭:০৯ পিএম

নোয়াখালীর চৌমুহনী পৌর এলাকায় পিকআপ উল্টে ৪ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফেনী থেকে বেগমগঞ্জের বাংলা বাজার এলাকায় নির্মাণ শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় চৌমুহনী পৌর শহরের সিঙ্গার সড়কের মাথায় রবিবার সকাল সাতটার দিক পিকআপ উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রসিদ জানান, ছাদ পেটানোর জন্য নির্মাণ শ্রমিক ও মিক্সচার মেশিন নিয়ে একটি পিকআপ চৌমুহনী পৌর শহরের সিঙ্গার সড়কের মাথায় এসে অতর্কিত ভাবে উল্টে গেলে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে ৩ জন মারা যান। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিল উল্যা জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

চট্টগ্রাম হাইওয়ে পুলিশ জানায়, নিহতদের মধ্যে মুছা, নুরু ও সাহেদ সর্দারের লাশ তাদের আত্মীয়স্বজনরা নিয়ে গেছে। মুসলিমের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে।

পিকআপের চালক ও শ্রমিকদের ঠিকাদার মাস্টার মিয়া পলাতক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত