ঘুষের টাকা নেওয়ার সময় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দিনাজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নাম মো. দেলোয়ার হোসেন। গতকাল রবিবার রাত ৯টার দিকে দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের একটি দল তাকে আটক করে। দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয় সূত্রে জানা গেছে, কুয়েত প্রবাসী মোস্তাফিজুর রহমানের স্ত্রী ফেরদৌসী বেগমের নামে দিনাজপুর উপশহরে হাউজিং এস্টেটের একটি বাড়ি বরাদ্দের সিদ্ধান্ত নেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। বাড়িটি ফেরদৌসী বেগমকে বরাদ্দ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থার দায়িত্ব পড়ে নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের ওপর। বাড়িটি বরাদ্দ দিতে ফেরদৌসীর ছোট বোন নাজমাতুন নাহারের কাছে দেড় লাখ টাকা ঘুষ দাবি করেন দেলোয়ার। ঘুষের বিষয়ে নাজমাতুন নাহার দুদকের কাছে অভিযোগ করেন।
এরপর সেখানে দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবীরের নেতৃত্বে একটি দল রবিবার রাতে ফাঁদ পাতে। পরে নাজমাতুন নাহার ৫০ হাজার টাকা নিয়ে দেলোয়ার হোসেনের কার্যালয়ে যান। সেই টাকা নেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়।
দুদুকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, দেলোয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
