রাজধানীর উত্তর বাড্ডার একটি প্রাথমিক বিদ্যালয়ে সন্তানের ভর্তির তথ্য জানতে গিয়ে কথিত ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনিতে নিহত তাসলিমা আক্তার রেনুর পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন আইনজীবী ইশরাত হাসান।
আবেদনে তাৎক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে রেনুর পরিবারকে ১৫ দিনের মধ্যে ১০ লাখ টাকা দিতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনকারী আইনজীবী জানান, কার্যতালিকায় এলে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে। তিনি আরও জানান, রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও বাড্ডা থানার ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) বিবাদী করা করা হয়েছে।
গত ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্তানের ভর্তির তথ্য নিতে যান তাসলিমা আক্তার রেনু। ওই স্কুলে ছেলেধরা সন্দেহে তাকে নির্মমভাবে গণপিটুনি দেয় সেখানকার কিছু উচ্ছৃঙ্খল মানুষ। একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে। এরই মধ্যে এ মামলা মূল আসামি সবজি বিক্রেতা হৃদয়সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহাখালীতে চার বছরের মেয়েকে নিয়ে থাকতেন রেনু। বছর দুই আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। ১১ বছরের একটি ছেলেও রয়েছে রেনুর।
