রোদ-বৃষ্টি ও মশার অত্যাচার উপেক্ষা করে রাজপথে টানা ৪৩ দিনের আন্দোলনে দাবি আদায় তো দূরের কথা, সামান্য আশ্বাসটুকুও মেলেনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই আন্দোলনে তাদের ২৬৪ জন অসুস্থ ও ১৫ জন ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়েছেন। তাদের অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন; একজন মারাও গেছেন। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, অনেকটা বাধ্য হয়েই আজ সোমবার শূন্য হাতে বাড়ি ফিরবেন তারা। তাদের ভাগ্যে কী আছে তা জানেন না কেউ। অবশ্য প্রধানমন্ত্রীর একান্ত সচিব বিপ্লব বড়ুয়া আজ তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে অনশন ভাঙাতে পারেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আ স ম জাফর ইকবাল।
সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়া সারা দেশের প্রায় চার হাজার প্রতিষ্ঠানের শিক্ষকরা গত ৪৩ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত ১২ দিন তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।
আন্দোলনরত শিক্ষকদের একজন বলেন, জাতীয়করণ থেকে বাদপড়া প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবিতে আমরা গত ৪৩ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। খোলা আকাশের নিচে রাস্তায় দিন-রাত কাটাচ্ছি। বৃষ্টি এলে ভিজে যাচ্ছি, সেই ভেজা কাপড়েই থাকতে হচ্ছে, তার ওপরে ডেঙ্গু মশার উপদ্রব রয়েছে। এতে আমাদের অনেকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। একজন শিক্ষক অসুস্থ হয়ে মারাও গেছেন। এত কিছুর পরও সরকারের মন গলেনি।
তারা বলেন, আন্দোলনে এসে এ পর্যন্ত আমাদের ২৬৪ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। তাদের কারও অবস্থা গুরুতর হওয়ায় বাড়িতে পাঠানো হয়েছে। রাস্তায় থাকায় এডিস মশার কামড়ে ১৫ জন ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ওই চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান তারা।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল দেশ রূপান্তরকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমাদের দাবি পূরণের আশ্বাসটুকুও দেওয়া হয়নি। গত বুধবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন আমাদের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দিয়েছেন। এ আশ্বাসটুকু আন্দোলনকারী শিক্ষকদের সামনে এসে বলার প্রস্তাব করলে তিনি রাজি হননি।’ জাফর ইকবাল বলেন, ‘গতকাল আমাদের কয়েকজন শিক্ষক প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে প্রধানমন্ত্রীর একান্ত সচিব বিপ্লব বড়–য়া আমাদের ডেকেছিলেন। সোমবার আন্দোলনকারী শিক্ষকদের মাঝে এসে দাবি পূরণের আশ্বাস দেবেন বলেও জানান তিনি। তিনি আশ্বাস দিলে শিক্ষকরা বাড়ি ফিরে যাবেন।’
