ঢাকা থেকে জ্বর নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে আসার পর সেলিম বিশ্বাস (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত ভোর ৫ টার দিকে নিজ বাসার তিনি মারা যান। সে চরভদ্রাসন সদর ইউনিয়নের লোহারটেক বাছার ডাঙ্গী গ্রামের বাসিন্দা মৃত কদম বিশ্বাসের ছেলে। ঢাকার যাত্রাবাড়ীতে গ্যারেজের ব্যবসা করতেন সেলিম।
তার স্ত্রী মুন্নি আক্তার জানান, গত বৃহস্পতিবার ঢাকায় জ্বরে আক্রান্ত হয় সেলিম । প্রথম দু’দিন ফার্মেসি থেকে ওষুধ কিনে খেলেও কোন প্রতিকার না পেয়ে রবিবার বিকেলে জ্বর নিয়ে ঢাকা থেকে বাড়ি আসে।
তিনি জানান, বিকেলে স্থানীয় চরভদ্রাসন আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করে প্লাটিলেটের পরিমাণ এক লক্ষ বিশ হাজার পাওয়া গেলে ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগীকে ফরিদপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করার পরামর্শ দেন। রাতে সেলিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় এবং সেখানে বিভিন্ন টেস্ট করানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
সেলিমের দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। সোমবার যোহর নামাজের পর জানাজা শেষে সেলিমকে স্থানীয় বিশ্বাস বাড়ি কবরস্থানে দাফন করা হবে বলে জানায় পরিবারের সদস্যরা।
এ বিষয়ে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামুদা প্রসাদ সাহা জানান, এখানে এ পর্যন্ত ত্রিশ জন রোগী ডেঙ্গু রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে একজন সুস্থ হয়ে ফিরে গেছে। আর সেলিমের বিষয়ে তিনি বলেন, এখনো নিশ্চিত হওয়া যায়নি সে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে কিনা।
