রোহিঙ্গা চাপ সামলাতে বিশ্ব নেতাদের চান জাপানের মন্ত্রী

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৪:২৬ এএম

রোহিঙ্গা শরণার্থীর বোঝা একটা বিশাল চাপ উল্লেখ করে তা সামলাতে বাংলাদেশের প্রতি বিশ্ব নেতাদের সহযোগিতাপূর্ণ মনোভাব দেখানোর আহ্বান জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। গতকাল মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। বেলা ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দর হয়ে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান জাপানের পররাষ্ট্রমন্ত্রী। দোভাষীর মাধ্যমে কথা বলেন রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে। তিনি বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সম্মানের সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে স্বদেশে প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।

ত্রাণ, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার জানান, তারো কোনো কুতুপালং ক্যাম্প-৪, ৪ এক্সটেনশন, ক্যাম্প-৫ ও ১২ পরিদর্শন করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের নির্যাতনের শিকার রোহিঙ্গারা নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। কুতুপালং অনিবন্ধিত ক্যাম্পের সভাপতি নুর মোহাম্মদ বলেন, ‘জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গারা জানায়, ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে ১১ লক্ষাধিক রোহিঙ্গা উখিয়া-টেকনাফের ৩০টি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের সেনা, উগ্রপন্থি রাখাইন যুবকরা রোহিঙ্গা নর-নারীর ওপর চরম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, খুন, শিশুদের আগুনে নিক্ষেপ, যুবকদের গুম এবং বাড়িঘরে আগুন দিয়েছে। এসব শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত