সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন ফারিব সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের শীবতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ফারিব সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের ছেলে।
ফারিবের বাবা শাহাদাৎ হোসেন বলেন, ‘শীবতলা এলাকায় শিবিরের কিছু নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদেকসহ ৮-১০ জন সেখানে সত্যতা যাচাই করতে গেলে, সে সময় শিবিরের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়।
হামলাকারীদের ছোড়া গুলিতে ফারিব গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিবিরের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনা উদ্ধারে ওই এলাকায় পুলিশ অভিযানে নেমেছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে।
