বিদেশ থেকে আনা মোবাইল ফোন নিবন্ধন সাপেক্ষে দেশে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এছাড়া ১ আগস্টের পর ক্রয় করা অবৈধ ফোনে সংযোগ থাকবে না বলেও জানায় সংস্থাটি। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায় বিটিআরসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ আগস্টের আগের সব মোবাইল স্থাপিতব্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থায় রেজিস্ট্রেশনের সুযোগ পাবে এবং ব্যবহার করতে পারবে। তবে পরবর্তী সময় বিদেশ থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য আনা হ্যান্ডসেট প্রয়োজনীয় দলিলাদি দাখিল সাপেক্ষে নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধনের সুযোগ পাওয়া যাবে এবং ব্যবহার করা যাবে। বিটিআরসির আইএমইআই ডাটাবেজে ২০১৮ সাল এবং পরবর্তী সময়ে আমদানিকৃত অথবা দেশে উৎপাদিত সব হ্যান্ডসেটের তথ্য সংরক্ষিত রয়েছে। অবৈধপথে আমদানি করা অথবা বিদেশ থেকে আনা সেটের তথ্য সংরক্ষিত নেই। ১ আগস্ট থেকে শুরু করে পরবর্তী সময়ে ক্রয় করা যে সব হ্যান্ডসেটের আইএমইআই ডাটাবেজে পাওয়া যাবে না সেই সব হ্যান্ডসেট নকল হিসেবে বিবেচিত হবে।
