যুক্তরাষ্ট্রে অর্থপাচারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক লোপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদক থেকে মাহী বি চৌধুরীর গুলশানের বারিধারার ঠিকানায় পৃথক দুটি চিঠি পাঠানো হয়েছে।
অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদের স্বাক্ষর করা চিঠিতে এই দম্পতিকে ৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের একজন কর্মকর্তা জানান, এখন চিঠি পাঠালেও গত জুন থেকেই এই অভিযোগের অনুসন্ধান করছে দুদক।
