ঢাবিতে ১ম বর্ষ অনলাইনের ভর্তি কার্যক্রম শুরু

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০২:০৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। আগামী ২৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। গতকাল বিকেল ৪টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর শুক্রবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৪ সেপ্টেম্বর শনিবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২৮ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।

এ বছর রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার শেষ তারিখ ২৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। ‘ক’, ‘খ’ ও ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩ সেপ্টেম্বর বেলা ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০ আগস্ট বেলা ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ভর্তির বিস্তারিত তথ্য ওয়েবসাইট (http://admission.eis.du.ac.bd) ) এবং ভর্তির নির্দেশিকা থেকে জানা যাবে। ভর্তির বিজ্ঞপ্তি ইতিমধ্যেই বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত