বিয়েটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। হবেই তো। বর-পাত্রী যে দুই চির শত্রু দেশের। পাকিস্তান ক্রিকেট দলের পেসার হাসান আলি গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন ভারতের হরিয়ানার মেয়ে শামিয়া আরজুর সঙ্গে। বিয়ে ব্যস্ত সময় পার করছেন হাসান। জানিয়েছেন, বিয়েতে নাকি আমন্ত্রণ জানাবেন ভারতীয় ক্রিকেটারদেও।
সানিয়া মির্জা ও শোয়েব মালিকের পর শামিয়া-হাসান। দশ বছর পর ফের ভারতীয় কনেকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে যাচ্ছেন আরও এক পাক ক্রিকেটার। অর্থাৎ জাহির আব্বাস, মহসীন খান এবং শোয়েব মালিকের পরে ভারতের জামাই হতে চলেছেন হাসান আলি। ২০ অগাস্ট দুবাইয়ের অ্যাটলান্টিস পালাম হোটেল হাসান-শামিয়ার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।
বিয়েতে ভারতীয় ক্রিকেটারদেরও আমন্ত্রণ জানাবেন হাসান। একটি উর্দু পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ডানহাতি এই পাক পেসার জানান, “আমার বিয়েতে ভারতীয় ক্রিকেটারদের আমন্ত্রণ জানাব। পেশাগত দিক থেকে আমরা সবাই ক্রিকেটার। ক্রিকেটের মাধ্যমেই আমাদের পরিচয়। দুবাইয়ে আমার বিয়েতে ভারতীয় ক্রিকেটাররা উপস্থিত হলে, ভীষণ খুশি হব। মাঠের ভিতরেই আমরা প্রতিদ্বন্দ্বী, মাঠের বাইরে নয়।”
ইংল্যান্ডে সদ্য সমাপ্ত বিশ্বকাপে পাকিস্তান দলের পেস আক্রমণের অন্যতম অস্ত্র ছিলেন হাসান আলি। বিশ্বকাপের পরেই ভারতীয় তরুণীর সঙ্গে হাসানের বিয়ের খবর প্রকাশ্যে আসে। প্রথমে তা গুঞ্জন বলে উড়িয়ে দিলেও পরে তা স্বীকার করে নেন হাসান।
