বেশ কিছু দিন ধরেই গুঞ্জন ছিল, বিশ্বকাপে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কা ক্রিকেট দলে কোচের চাকরি হারাতে পারেন চন্দিকা হাথুরুসিংহে। তাই সত্যি হলো। হাথুরুকে ছাঁটাই করে অন্তবর্তীকালীন কোচ করা হয়েছে জেরোমে জয়রত্নেকে। তার অধীনেই আসন্ন নিউজিল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা দল।
জয়রত্নে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে প্রধান অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ৫৩ বছর বয়সী জয়রত্নেকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা।
“এসএলসির কর্মকর্তাদের নিয়ে আজ আমাদের সভা ছিল। চন্দিকা হাথুরুসিংহের সঙ্গে আমরা চুক্তির ইতি টানবো। নিউজিল্যান্ড সফরের জন্য জেরোমে জয়রত্নেকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেব।”
শ্রীলঙ্কান ক্রিকেটে (এসএলসি) সরাসরি হস্তক্ষেপ করার ক্ষমতা আছে দেশটির ক্রীড়ামন্ত্রীর। বর্তমান ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দোর সাথেই জমছিল না হাথুরুর। ফলস্বরূপ, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হল।
নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার জেরোমি জয়রত্নেকে। আগামী ১৪ আগস্ট শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে তার দায়িত্ব পালনের কাজ শুরু হবে। তবে, জয়রত্নেকে এখন অন্তবর্তীকালীন কোচ হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। আগেও শ্রীলঙ্কা দলের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে জয়রত্নের। তিনি ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ও নিউজিল্যান্ড সফরে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছিলেন। তৎকালীন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্যারিবিয়ান বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব দিয়েছিলেন কোচ জয়রত্নেকে।
হাথুরুসিংহের পাশাপাশি ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন, ব্যাটিং কোচ জন লুইস ও ফাস্ট বোলিং কোচ রুমেশ রত্নায়েকেকেও সরতে হবে বলে শ্রীলঙ্কা ক্রিকেট প্রশাসন সূত্রে জানা গেছে।
বাংলাদেশে দলে তিন বছর কোচের দায়িত্ব পালন করে ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার কোচ হন হাথুরাসিংহে। তার অধীনে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলেও ভারতের সঙ্গে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ম্যাচে ঘরের মাঠে হোক বা বাইরে নাস্তানাবুদ হতে হয়েছে শ্রীলঙ্কাকে। বিশ্বকাপেও আশানুরূপ নৈপুণ্য দেখাতে পারেনি দলটি। পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থেকে বিশ্বকাপ মিশন শেষ করে শ্রীলঙ্কা।
