কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার

বন্দরে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে ব্যাংক

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০৩:৫৫ এএম

এখন থেকে দেশের সব সমুদ্রবন্দর, স্থলবন্দর ও আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহে সাত দিন এবং প্রতিদিন ২৪ ঘণ্টা ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রপ্তানি আয় ও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে এসব বন্দরের সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনার জন্য বন্দর কর্র্তৃপক্ষের মতোই বন্দর সংলগ্ন শাখা বা বুথ সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা সচল রাখতে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে প্রয়োজনে স্থানীয় প্রশাসনসহ বন্দর ও শুল্ক কর্র্তৃপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ ও আমদানি-রপ্তানি দ্রুততর সময়ে সম্পন্ন করতে ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন সময় বন্দর ২৪ ঘণ্টা সচল রাখার দাবি করা হচ্ছিল। তারই পরিপ্রেক্ষিতে সপ্তাহে প্রতিদিন ২৪ ঘণ্টা শুল্ক স্টেশন খোলা রাখার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেশ আগেই নির্দেশনা জারি করে। কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করার পরও রাতে বা সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকায় পণ্য খালাস সম্ভব হচ্ছিল না। এ পরিপ্রেক্ষিতে বিভিন্ন বৈঠকে বন্দরে ২৪ ঘণ্টা ব্যাংক সচল রাখার বিষয়ে আলোচনা হতে থাকে।

গত ১৫ মে অনুষ্ঠিত সচিব সভায় বন্দরে সপ্তাহে সাত দিন ও দৈনিক ২৪ ঘণ্টা ব্যাংক খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ওই সিদ্ধান্তের কথা জানিয়ে তা বাস্তবায়ন করতে আধা সরকারি পত্র (ডিও) দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে।

পরে ২৭ জুন এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিয়ে ১ জুলাইয়ের মধ্যে তা আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানাতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. ফজলে কবিরকে চিঠি দেয় মন্ত্রণালয়। তার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত