মরে গেল ৩০ মণের ‘টাইগার’

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০৪:৩০ এএম

গাবতলী হাটে প্রায় ৩০ মণ ওজনের একটি গরু মারা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ‘টাইগার’ নামে গরুটির মৃত্যু হয়। বলা হচ্ছে, তীব্র গরমে হাটে আরও অনেক গরু অসুস্থ হয়ে পড়েছে।

গরুর মালিক মেহেরপুরের আব্দুর রাজ্জাক জানান, ৮-১০ লাখ টাকায় বিক্রির আশায় গরুটি নিয়ে তিনি গাবতলীতে এসেছিলেন। সকালেও গরুটি ভালো ছিল। দুপুরে গোসল করানোর পর হঠাৎ দেখি হাঁসফাঁস করছে, চোখের মণি উল্টে গেছে। এরপর ধপাস করে গরুটি মাটিতে পড়ে যায়। অসুস্থ হওয়ার ৫ মিনিটের মধ্যেই ‘টাইগার’ মারা যায় বলে জানান তিনি। তিনি আরও জানান, তিনি দেড় বছর আগে অস্ট্রেলিয়ান প্রজাতির গরুটি ১ লাখ ৭২ হাজার টাকা দিয়ে কিনেছিলেন। এর পেছনে প্রতিদিন খরচ করেন ৪০০ থেকে ৫০০ টাকা। ৫ লাখে গরুটি বাড়িতে থাকা অবস্থায় কিনতে চেয়েছিলেন একজন। কিন্তু বেশি দামের আশায় টাইগারকে নিয়ে গাবতলী আসেন। এখন সবই গেল। তবে অনেকে মনে করছেন, মোটাতাজা করার ওষুধ মাত্রাতিরিক্ত প্রয়োগ করার কারণে গরুটি মারা গেছে।

খামারিরা জানান, বিদেশি জাতের বড় গরুগুলো অনেক বেশি আদর-যতেœ লালনপালন করা হয়। সার্বক্ষণিক ফ্যানের ব্যবস্থা থাকে। কিন্তু হাটে সেই পরিবেশ না থাকায় এবং তীব্র গরমে গরুগুলোর হাঁসফাঁস অবস্থা। এর মধ্যে অনেক গরু অসুস্থ হয়ে পড়েছে।

হাটে প্রায় ২৫ মণ ওজনের একটি কালো ফ্রিজিয়ান জাতের ষাঁড়ের চিকিৎসা দিচ্ছেন কোয়ালিটি ফিডের পশুচিকিৎসক ডা. জাহিদ ইসলাম। তিনি জানান, গরুর শরীরের তাপমাত্রা বেশি এবং সেই সঙ্গে গরুটির শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। ট্রাকে করে আনার কারণে এ ব্যথা হতে পারে। আশা করছি, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত