জেনেভায় জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটি ইউএনসিএটির সভায় বাংলাদেশের বিচার বিভাগ ও মানবাধিকার নিয়ে সরকারের পেশকৃত বক্তব্য সঠিক বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যা যা পদক্ষেপ প্রয়োজন, সরকার নিয়েছে। এখন আমি সত্য না মিথ্যা বলেছি, তা আপনারা বিচার করুন।’ গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে শিশু সুরক্ষায় বিচারব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শিশু আইনবিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জেনেভায় ইউএনসিএটির সভায় পেশ করা সরকারের প্রতিবেদনের কিছু অংশ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সমালোচনার জবাবে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার, জেল হত্যা মামলার বিচার, দশ ট্রাক অস্ত্র মামলার বিচার, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার আমরা শেষ করেছি। এখন সে ক্ষেত্রে আমি যদি দাবি করি, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেই পদক্ষেপগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিয়েছে, তাহলে আমি কি মিথ্যা বলেছি? আপনারা বিচার করুন।’
তিনি বলেন, ‘১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বঙ্গবন্ধু হত্যার কোনো এজাহার করা যায়নি। এরপর জেল হত্যা মামলার একটি এফআইআর হওয়ার পরও কোনো সুরাহা হয়নি। এটা কি আইনের শাসন? ক্লিনহার্ট অপারেশন কি আইনের শাসন? আজকে কি আপনারা এমন কিছু দেখছেন?’
আইনমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) বলেছেন বিচার বিভাগের স্বাধীনতা নেই। উনাদের সময় উনাদের মতো করে বিচার পাওয়ার জন্য একজন বিচারপতি যেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন, সেজন্য সংবিধান সংশোধন করেছিলেন।’
আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি টমো হোজুমি ও প্রকল্প পরিচালক গোলাম সারোয়ার বক্তৃতা করেন।
জেনেভা সম্মেলনের ইতিবাচক দিক তুলে ধরে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের এখনকার বাস্তবতা, বর্তমান অবস্থা, আইনের শাসনের ব্যবস্থা তাদের সামনে উপস্থাপন করেছি। তারা আমাদের রিপোর্টে সন্তুষ্ট হয়েছেন।’
