ধর্মীয় অনুভূতিতে আঘাত

লতিফ সিদ্দিকীর মাগুরার মামলার রায় ২৮ আগস্ট

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০৪:২৩ এএম

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মাগুরার একটি মামলায় আগামী ২৮ আগস্ট রায় ঘোষণার দিন ঠিক করেছে

আদালত। গতকাল বুধবার দুপুরে বাদীপক্ষের যুক্তিতর্ক শেষে এ দিন ধার্য করেন মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মাহবুবা শারমীন।

বাদীপক্ষের আইনজীবী ওয়াশিকুর রহমান কল্লোল বলেন, ‘মামলাটি দায়েরের পর বিচারিক হাকিম লতিফ সিদ্দিকীকে সশরীরে মাগুরার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু লতিফ সিদ্দিকী এ পর্যন্ত আদালতে হাজির হননি। সে কারণে আদালত আইনগত প্রক্রিয়ায় গত ৫ আগস্ট বাদীপক্ষের সাক্ষ্য সমাপ্ত করে ৭ আগস্ট যুক্তিতর্কের দিন ধার্য করেন।’

সদর উপজেলার বগিয়া গ্রামের বাসিন্দা বগিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার ২০১৪ সালের ১৬ অক্টোবর আদালতে এ মামলাটি করেন। তিনি অভিযোগ করেন, একই বছরের ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী নবী (সা.), হজ ও তাবলিগ জামাত সম্পর্কে অবমাননাকর ও বিতর্কিত যে মন্তব্য করেছেন তা ইসলাম ধর্মের অনুসারীদের জন্য চরম আঘাত। এ কারণে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের তৎকালীন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেছিলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাত দুটোর ঘোরতরবিরোধী। আমি জামায়াতে ইসলামীর যতটা বিরোধী, তার চেয়ে বেশি হজ আর তাবলিগের বিরোধী। হজে কত ম্যান পাওয়ার নষ্ট হয়। এরা কোনো প্রোডাকশন দিচ্ছে না...।’ ওই সময় প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কেও বিরূপ মন্তব্য করেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত