ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রীকে ঘিরে অনিশ্চয়তা কি কাটতে চলেছে? ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির এক সদস্যের বক্তব্যে ইঙ্গিত মিলছে, কোহলিদের প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রীর নামই প্রায় চূড়ান্ত। কারণ বিদেশি কোচ নিয়োগে সায় নেই দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের।
রোহিত শর্মা-কোহলিদের কোচ বেছে নিতে তিন সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে বিসিসিআইয়ের অ্যাডভাইসরি কমিটি। সেই উপদেষ্টা কমিটিতে রয়েছেন- কপিল দেব, অংশুমান গায়কোয়াড ও শান্তা রঙ্গস্বামী।
ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার হেড কোচ নির্বাচনের জন্য বোর্ডের প্রশাসনিক কমিটির ছাড়পত্র পেয়ে গিয়েছে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি। সেই ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির এক সদস্য এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমরা বিদেশি কোচ আনতে চাই না। হ্যাঁ যদি গ্যারি কারস্টেনের মতো কেউ আবেদন করতেন ভেবে দেখতাম। আর সেটা যদি না হয়, তাহলে একজন ভারতীয় কোচই অগ্রাধিকার পাবে।"
"ভারতীয় কোচের অধীনে ভালো ফল করছে দল। তো কেন কোচ বদল করতে যাব? এখন যে অবস্থায় দাঁড়িয়ে তাতে কোচ হিসেবে শাস্ত্রীই ফেভারিট। হয়তো ওর হাতেই নতুন চুক্তি তুলে দেওয়া হবে।”
