কুষ্টিয়ায় একযোগে বিএনপির জেলা কার্যালয়সহ কুমারখালী, খোকসা ও মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে।
বুধবার বেলা সাড়ে ৩টায় হঠাৎ করে জেলা বিএনপির কার্যালয়ে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো ডেঙ্গু জ্বরের সচেতনতামূলক লিফলেট জব্দ করে।
একইভাবে খোকসা ও কুমারখালী উপজেলা বিএনপির কার্যালয়েও অভিযান চালায় পুলিশ। সেখান থেকেও লিফলেট জব্দ করে নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) এ কে এম জহিরুল ইসলাম বলেন, গুজব ছড়ানোর লিফলেট বিলি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছিল। তবে এসময় কাউকে আটক করা হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দেশব্যাপী জাতীয় সংকট হিসেবে চিহ্নিত করে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়াতেও জেলা উপজেলা পর্যায়ে লিফলেট বিলিসহ নানা কর্মসূচী পালিত হচ্ছে। এর মধ্যে প্রশাসন গুজব ছড়ানোর কি পেলেন আমরা ঠিক বুঝলাম না। এটা চরম একটা স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ।
