আগে সাধারণ মানুষকে যেতে দিন, তারপর ভিআইপি যাবে: মমতা

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০৪:৩১ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার সময় আশপাশের সড়ক আটকে দিয়েছিল পুলিশ। তবে মমতা বন্দোপাধ্যায় নিজেই গাড়ি থেকে নেমে পুলিশকে বললেন, আগে সাধারণ মানুষকে যেতে দিন, তিনি যাবেন তার পরে।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, মমতা বন্দোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাই থেকে ফেরার পর বিমানবন্দর থেকে কলকাতা শহরে ঢোকার সময় তার চলাচল নির্বিঘ্ন করতে কয়েকটি পথ আটকে দিয়েছিল পুলিশ।

প্রথমে তেঘরিয়া মোড়ের কাছে মমতার নজরে পড়ে, সার্ভিস রোডে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তিনি তখনই গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশ সদস্যদের জিজ্ঞাসা করেন, তিনি যাচ্ছেন বলেই কি রাস্তা বন্ধ করে গাড়ি দাঁড় করানো হয়েছে?

‘হ্যাঁ’ শুনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন, আগে সাধারণ মানুষ যাবে, পরে ভিআইপি। 

তিনি বলেন, প্রয়োজনে আমি দাঁড়াব। আমার জন্য সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হলে আমি মানব না। এরপর প্রায় ১০ মিনিট নিজে রাস্তায় দাঁড়িয়ে থেকে অন্য গাড়ির যাতায়াত চালু করে দেন মমতা। এসময় তাকে দেখতে আবার রাস্তায় ভিড় বাড়ে। জনতার সঙ্গে কথা বলে রওনা হন তিনি।

পরে তাপুরিয়াঘাটাতেও সড়ক আটকানো দেখে নেমে পুলিশ কর্মকর্তাদের তার জন্য গাড়ি না আটকানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

গাড়িবহর নিয়ে চলাচল একেবারে পছন্দ নয় তৃণমূল কংগ্রেস নেত্রীর, তিনি চলাফেরা করেন একেবারে সাধারণ মানুষের মতো। কিন্তু তার গাড়ির কাছে অনেক সময়ই অন্য গাড়ি চলে আসে, যা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয় বলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের ভাষ্য।

তবে মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ, প্রয়োজনে তিনি কিংবা অন্য ভিআইপিরা অপেক্ষা করবেন। ট্রাফিক চলাচল স্বাভাবিক রাখতেই হবে, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়।

কিছু দিন আগে উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে যাওয়ার সময়েও জেলা পুলিশ কর্তাদের সতর্ক করে যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত