হকির উপদেষ্টা কোচ ভারতের অজয় কুমার বানসাল

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১০:৩৩ পিএম

বাংলাদেশ হকি ফেডারেশনের উপদেষ্টা কোচ হয়ে ঢাকায় আসছেন অজয় কুমার বানসাল। ১৫ আগস্ট ঢাকায় পৌঁছাবেন তিনি।

৯ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিঙ্গাপুরে জুনিয়র ওমেন্স এএইচএফ কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্টকে সামনে রেখে অনূর্ধ্ব-২১ নারী দলের সঙ্গে কাজ করবেন তিনি।

এছাড়া আগামী বছর ঢাকায় অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপের প্রাথমিক ক্যাম্পেও কাজ করবেন এ কে বানসাল।

৬০ বছর বয়সী অজয় ভারতের অন্যতম অভিজ্ঞ হকি কোচ। যিনি ভারতীয় কোচদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দ্রোণাচার্য খেতাবে ভূষিত হয়েছেন। কাজ করেছেন ভারত জাতীয় হকি দল ও নারী দলের সঙ্গে।

অজয় কুমার বানসাল দীর্ঘদিন ধরে কাজ করেছেন ভারতীয় হকি ডেভেলপমেন্টের সঙ্গে। বানসালের নিয়োগের ব্যাপারে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, ‘এ কে বানসাল ভারত তথা উপমহাদেশের অন্যতম অভিজ্ঞতম কোচ। যার সঙ্গে বাংলাদেশের অনেক পুরোনো সম্পর্ক। এবার তার মূল লক্ষ্য থাকবে সিঙ্গাপুরগামী নারী দলকে প্রস্তুত করা।

‘পেশাগত কারণে আপাতত ১৫ দিনের জন্য তিনি ঢাকায় এলেও আমরা চেষ্টা চালাচ্ছি তার মেয়াদ আরও বাড়াতে। যাতে অনূর্ধ্ব-২১ পুরুষ দলকেও যথেষ্ট সময় দিতে পারেন তিনি।’

পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে আগামী ১৫ আগস্ট হকি ফেডারেশনে রিপোর্ট করবেন নারী হকি দলের খেলোয়াড়রা আর ১৮ আগস্ট থেকে শুরু হবে অনূর্ধ্ব-২১ পুরুষ দলের প্রাথমিক ক্যাম্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত