যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া নিয়ে অব্যাহত উত্তেজনার মধ্যে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
বিবিসি জানায়, শনিবার পূর্ব সাগর তথা জাপান সাগর অভিমুখে নতুন দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি।
টানা দুই সপ্তাহ ধরে পিয়ংইয়ংয়ের এ ধরনের একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষেত্রে এটি সর্বশেষ ঘটনা।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হমহাং নগরীর নিকটবর্তী এলাকা থেকে পূর্ব সাগর অভিমুখে এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। সাগরটি জাপান সাগর নামেও পরিচিত।
জয়েন্ট চিফ অব স্টাফের বরাত দিয়ে ইয়োনহাপ পরিবেশিত খবরে বলা হয়, উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে কিনা তা দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পর্যবেক্ষণ করছে।
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের কাছ থেকে ‘একটি খুবই সুন্দর চিঠি’ পেয়েছেন- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনা ঘটল।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়া নিয়ে কিম ‘অসন্তুষ্ট’।
